Campaign begins for Congress candidate Tarun Roy in Durgapur West
রবিবার রাজ্যে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নির্বাচনী লড়াইয়ের উত্তাপ। দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে এবার তুলে ধরা হয়েছে একেবারে নতুন মুখ তরুণ রায়কে। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, ‘ভূমিপুত্র’ পরিচয়ই হতে পারে তাঁর অন্যতম বড় শক্তি।
স্থানীয় রাজনীতিতে পরিচিত ব্যক্তিত্ব লাবণ্য ঘটক ও আনন্দ গোপাল মুখার্জির আদর্শে অনুপ্রাণিত তরুণ রায় নিজেকে এই এলাকারই সন্তান হিসেবে তুলে ধরেছেন। তাঁর কথায়, “দুর্গাপুরের মানুষের সুখ-দুঃখ আমি খুব কাছ থেকে দেখেছি। তাঁদের জন্য কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”প্রথমবার ভোটের ময়দানে নামলেও তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা অর্জন করা। তবে যথেষ্ট আত্মবিশ্বাসী তরুণ রায় বলেছেন, “দুর্গাপুর বহু গ্রামের মানুষের ত্যাগে গড়ে উঠেছে, অথচ এখনও অনেক মানুষ বঞ্চিত। তাঁদের অধিকার আদায়ের লড়াই আমি চালিয়ে যাব।” পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জয়ী হলে সাধারণ মানুষ সহজেই তাঁদের বিধায়কের কাছে পৌঁছতে পারবেন—“এবার থেকে দুয়ারে বিধায়ককে দেখতে পাবেন মানুষ।” ‘নতুন মুখ, নতুন স্বপ্ন’—এই সমীকরণে কতটা সফল হন তরুণ রায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলে। সোমবার সকালে ৩৫ নম্বর ওয়ার্ডের ভোপাল মাঠ এলাকায় নিজের পাড়ার দুর্গা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এরপর মা কমলারানীর মন্দির ও শিবশক্তি ধামে পুজো দিয়ে প্রথম দিনের প্রচার শেষ করেন। প্রচারের সময় এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগে বিশেষ জোর দেন তিনি। বয়স্কদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেন, আর সাধারণ মানুষও সাদরে তাঁকে আশীর্বাদ করেন। প্রায় ১০০ জন কংগ্রেস কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে প্রথম দিনের প্রচার অভিযান সম্পন্ন করেন তরুণ রায়।

