Brutality Strikes Again in Durgapur! 52‑Year‑Old Man Arrested for Attempted Rape of Minor
দুর্গাপুর শিল্পাঞ্চলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই, ফের একই এলাকার কয়েক কিলোমিটারের মধ্যে সামনে এল আরও এক লজ্জাজনক ঘটনা। এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ৫২ বছরের ব্যক্তিকে। ধৃতের নাম নিমাই গড়াই। সোমবার রাতে দুর্গাপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পকসো আইনে পেশ করা হয়। বিচারক ধৃতের জামিনের আবেদন খারিজ করে তিন দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী ১৬ই অক্টোবর তাকে ফের আদালতে পেশ করা হবে।
এই ঘটনার খবর সামনে আসতেই ফের ক্ষোভে ফুঁসছে দুর্গাপুরবাসী। ইতিমধ্যেই এক বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ, চলছে তীব্র নিন্দা। তারই মধ্যে আবারও এমন অপরাধে আতঙ্কিত শহরবাসী।

