Saturday, 20 Jun 2026

দিনেদুপুরে দুঃসাহসিক চুরি দুর্গাপুরে

IMG

দিনের বেলাতেই দুর্গাপুরের বিধাননগর হাউসিং কলোনির এক আবাসনে দরজার তালা ভেঙে নগদ টাকা ও সোনার গয়না সহ লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দিল চোরেরা। এই ঘটনায় একদিকে অবাক এবং অন্যদিকে আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয়দের দাবি, কলোনিতে এর আগে এমন ধরনের কোনো ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এনটিপিএস থানার পুলিশ।


বিধাননগর হাউসিং কলোনির ওই আবাসনের বাসিন্দা মাধব দত্ত পেশায় ব্যবসায়ী। তার দোকান রয়েছে বিধাননগর জোনাল মার্কেটে। মাধববাবু জানান, প্রতিদিনের মতোই তিনি সকালে কাজে বেরিয়েছিলেন। অন্যদিকে সকাল সাড়ে নয়টায় তার স্ত্রী ও শ্বশুর একটি কাজে সিটিসেন্টারে গিয়েছিলেন। বাড়ি তখন ফাঁকাই ছিল। এরই মধ্যে প্রায় এগারোটায় মাধববাবু হেলমেট নিতে বাড়ি আসেন এবং তখন সব ঠিকঠাক ছিল। তিনি হেলমেট নিয়ে ফের তালা লাগিয়ে চলে যান। কিন্তু পরে তার স্ত্রী প্রায় পৌনে বারোটায় বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা এবং আলমারি খোলা। আলমারিতে রাখা প্রায় ৫০ হাজার টাকা ও ৪ ভরি সোনার গয়না চুরি হয়েছে। মাধববাবু জানান, তার ছেলের বিয়ের জন্য কিছু সোনার গয়না কেনা ছিল।


মাধববাবুর আবাসনটি দোতলায় এবং চারপাশে আরও আবাসনে লোকজন রয়েছে। এরই মধ্যে দিনে দুপুরে এই চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন কলোনির বাসিন্দারা। তাদের মতে, দিনের বেলায় এভাবে চুরি হলে সন্ধ্যা বা রাতে বাড়ি থেকে বের হওয়াই কঠিন হবে। পুলিশি তৎপরতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন এবং দাবি করেছেন যে এলাকায় পুলিশের টহলদারির কোনো ব্যবস্থা নেই।

Share: