পৌরনিগমের বোর্ড মিটিংয়ে জল সমস্যা ও পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা। প্রতি মাসের মতো চলতি মাসেও বুধবার পৌরনিগম দপ্তরে সমস্ত কাউন্সিলরদের নিয়ে বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী। মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হকসহ সমস্ত এমএমআইসি এবং সব ওয়ার্ডের কাউন্সিলর বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে জল সমস্যা ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মেয়র বিধান উপাধ্যায় জানান, ছট পূজার সময় ডিভিসি-র সমস্যার কারণে পানীয় জলের অভাব দেখা দিয়েছিল, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। যদিও দুটি এলাকায় এখনও জল সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তা দ্রুত সমাধান করা হবে।
পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান, নতুন বছরে একটি ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে, যেখানে নতুন গেটের ছবি রয়েছে। পাশাপাশি তিনি বলেন, দূষণমুক্ত শহর হিসেবে দ্রুত উন্নতির ফলে আসানসোল ভারতবর্ষের মধ্যে ২২তম এবং পশ্চিমবঙ্গে প্রথম স্থান অর্জন করেছে।

