BJP sweeps West Bardhaman 9–0 as Trinamool suffers a crushing defeat in a “lotus wave
অমৃতা দাশ, দুর্গাপুর -পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনে একতরফা ফলাফলে কার্যত ভেঙে পড়ল তৃণমূল কংগ্রেস। বাংলার অন্যান্য জেলার মতো এখানেও বয়ে গেল পদ্মফুলের ঝড়, যার ধাক্কায় জেলার ৯টি আসনেই পরাজিত হলো ঘাসফুল শিবির।
ভোটের ফল ঘোষণার আগেই বড়সড় পরিবর্তনের আভাস মিলেছিল। তবে সম্পূর্ণভাবে শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা এতটা স্পষ্ট ছিল না। ফল প্রকাশের পর দেখা গেল, সেই আশঙ্কাই বাস্তব হয়েছে—পুরো জেলায় একটিও আসন পায়নি তৃণমূল।
এই জেলায় পরাজয়ের মুখ দেখতে হয়েছে রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদারকে। পাশাপাশি হেরেছেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় এবং ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। এছাড়াও পরাজিত হয়েছেন তাপস বন্দোপাধ্যায় ও জামুড়িয়ার বিদায়ী বিধায়ক হরেরাম সিং।
অন্যদিকে, বিজেপি শিবিরে উচ্ছ্বাস তুঙ্গে। ২০২১ সালের জয়ী তিন বিধায়ক—অগ্নিমিত্রা পাল, ডাঃ অজয় পোদ্দার ও লক্ষণ ঘোড়ুইয়ের সঙ্গে এবার নতুন করে বিধানসভায় প্রবেশ করছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, অরিজিৎ রায়, ডাঃ বিজন মুখোপাধ্যায়, পার্থ ঘোষ ও চন্দ্রশেখর বন্দোপাধ্যায়। এছাড়াও প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি পুনরায় জয়ী হয়ে ফিরেছেন।
এই ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের অন্দরে পরাজয়ের কারণ নিয়ে পর্যালোচনা শুরু হওয়া এখন সময়ের অপেক্ষা। অন্যদিকে, বিজেপি শিবিরে জোর জল্পনা—জেলার এই নয়জন জয়ী বিধায়কের মধ্যে কারা মন্ত্রিসভায় জায়গা পাবেন।

