BJP protests in Chittaranjan over failure to arrest accused in the murder of a former hockey player and railway employee.
চিত্তরঞ্জনে প্রাক্তন হকি খেলোয়াড় ও রেলকর্মী এরিক লাকড়া-র নৃশংস হত্যাকাণ্ডের ২৪ দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার চিত্তরঞ্জন থানার সামনে বিক্ষোভে সামিল হয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বারাবনি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিজিৎ রায়, দলের অন্যান্য নেতৃত্ব এবং বহু স্থানীয় বাসিন্দা। থানার সামনে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যারিকেড বসালেও বিক্ষোভকারীরা তা ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিক্ষোভকারীরা তাদের দাবিদাওয়া সম্বলিত একটি লিখিত স্মারকলিপি থানার আধিকারিকের হাতে তুলে দেন।বিক্ষোভ মঞ্চ থেকে অরিজিৎ রায় প্রশাসনের কড়া সমালোচনা করে বলেন, চিত্তরঞ্জনের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় দিনের আলোয় এমন হত্যাকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের চিহ্নিত করা সত্ত্বেও এতদিন গ্রেপ্তার না হওয়াকে তিনি পুলিশের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন। তিনি আরও হুঁশিয়ারি দেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন আরও তীব্র হবে এবং প্রয়োজনে শহর অচল করে দেওয়ার কর্মসূচিও নেওয়া হবে। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। পুলিশের হাতে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও এখনও কাউকে গ্রেপ্তার না করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন ক্রমেই বাড়ছে।

