আরজি কর কান্ডের প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে তিনটি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা। তারা মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে এবং হাওয়াই চটির মালা পরিয়ে থানাগুলো ঘেরাও করেন, যার ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।
দুর্গাপুর স্টেশন থেকে পদযাত্রা করে বিজেপি কর্মীরা কোকআভেন থানায় পৌঁছে বিক্ষোভে বসেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, যা সামাল দিতে কমব্যাট ফোর্স নামানো হয়। নিউ টাউনশিপ থানায় বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপির বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, আর দুর্গাপুর থানায় নেতৃত্ব দেন জেলা সম্পাদক অভিজিৎ দত্ত।
চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং অভিজিৎ দত্ত জানান, "আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য দফতর ঘেরাও করায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বহু বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আজ আমরা সেই গ্রেফতারের প্রতিবাদে থানাগুলো ঘেরাও করছি। রাজ্যে শাসকদলের আইন চলছে এবং গণতন্ত্র রোধ করা হচ্ছে। আমরা আরজি করের নৃশংস ঘটনার বিচারও দাবি করছি।"

