Saturday, 20 Jun 2026

বন্ধের সমর্থনে রাস্তায় নামায় মারধর বিজেপি বিধায়ক ও কর্মীদের

IMG

আর জি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের সময় ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে, বিজেপির পক্ষ থেকে আজ বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে। বনধ সফল করতে রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি সমর্থকরা সক্রিয় রয়েছেন। দুর্গাপুরেও সকাল থেকেই বিজেপি সমর্থকদের পথে নামতে দেখা যায়। তবে বনধের শুরুতেই শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে বেনাচিতিতে একদল বিজেপি কর্মী-সমর্থক বনধের সমর্থনে বন্ধ দোকানপাট খোলার চেষ্টা করেন। এতে বাধা দেন তৃণমূল কর্মী-সমর্থকরা, যা থেকে শুরু হয় দু'পক্ষের মধ্যে তীব্র বচসা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, তৃণমূল কর্মী-সমর্থকরা বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই এবং পারিজাত গাঙ্গুলীকে লাঠিপেটা করে এবং এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করেন।


ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।


উল্লেখ্য, মঙ্গলবার আর জি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদে নবান্ন অভিযানের সময় পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেয় বিজেপি। দুর্গাপুরে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই সকালেই বেনাচিতি বাজারে কর্মী-সমর্থকদের নিয়ে বনধ সফল করার জন্য প্রচার চালান। প্রান্তিকা বাসস্ট্যান্ডে বাস ও দোকানপাট বন্ধের জন্য মাইকে প্রচার চালানোর সময় তৃণমূল নেতা বিপ্লব বিশ্বাস ও রাজু সিং উপস্থিত হলে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Share: