Saturday, 20 Jun 2026

'জেলা সম্মান ২০২৫’-এ কৃতী ব্যক্তিত্বদের সম্মান জানাবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ

IMG

Asansol-Durgapur Development Authority to Honour Distinguished Individuals with 'Zila Samman 2025'

জেলা সম্মান ২০২৫’-এ কৃতী ব্যক্তিত্বদের সম্মান জানাবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সফল ও প্রতিভাবানদের সম্মানিত করতে উদ্যোগ নিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)। দুর্গাপুর নগর নিগম, আসানসোল নগর নিগম এবং চেম্বার অফ কমার্সের যৌথ সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হবে ‘জেলা সম্মান ২০২৫’।


আগামী ১৭ আগস্ট দুর্গাপুর সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে নির্দিষ্ট বিভাগে নির্বাচিত কৃতীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার সিটি সেন্টারের এডিডিএ কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক **ডঃ সৌরভ চট্টোপাধ্যায় ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।


উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, আধুনিক পশ্চিম বর্ধমান গঠনে ভূমিকা রাখা বিশিষ্ট ব্যক্তিত্বসহ মোট আটটি বিভাগে সফল এবং প্রতিভাবানদের সম্মান জানানো হবে। নয়া শিল্পোদ্যোগ, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পে সফল উদ্যোগপতিদের পাশাপাশি ক্রীড়া, শিক্ষা এবং সামাজিক ক্ষেত্রেও কৃতীদের পুরস্কৃত করা হবে।


মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ১৯ জুলাই শনিবার থেকে ২৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারিত হয়েছে। জমা পড়া মনোনয়নগুলি বিচার-বিশ্লেষণের পর চূড়ান্তভাবে নির্বাচিতদের হাতে ‘জেলা সম্মান ২০২৫’ তুলে দেওয়া হবে।


উদ্যোক্তারা জানিয়েছেন, এই উদ্যোগ সমাজের তরুণ ও যুব প্রজন্মকে উৎসাহিত করতেই গ্রহণ করা হয়েছে।

Share: