Wednesday, 05 Aug 2026

রান্নার গ্যাসের ঘাটতির কারণে সমস্যায় আসানসোল জেলা হাসপাতাল

IMG

Asansol District Hospital faces problems due to a shortage of cooking gas

গ্যাস সরবরাহে ঘাটতির প্রভাব এবার পড়তে শুরু করেছে আসানসোল জেলা হাসপাতালের রান্নাঘরে। গ্যাসের অভাবে রোগীদের জন্য প্রতিদিনের খাবার প্রস্তুত করতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন গড়ে প্রায় ৭০০ থেকে ৭৫০ জন রোগীর জন্য এখানে খাবার রান্না করা হয়। কিন্তু সাম্প্রতিক গ্যাসের ঘাটতির কারণে সেই রান্নার কাজ নিয়মিতভাবে চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে আপাতত বেশি দামে বাইরে থেকে গ্যাস কিনে কোনোভাবে রান্না চালানো হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এভাবে দীর্ঘদিন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে হাসপাতাল চত্বরে থাকা ক্যান্টিনেও। সেখানেও নিয়মিতভাবে রান্না করতে সমস্যা দেখা দিচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে, এই অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, এলাকায় গ্যাসের প্রকৃত কোনও ঘাটতি নেই। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় সিলিন্ডার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপিকে বদনাম করার চেষ্টাও চলছে বলেও অভিযোগ তুলেছেন তারা।

Share: