অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল আজ, মঙ্গলবার শর্তসাপেক্ষে দিল্লি হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন। ইডির দায়ের করা আর্থিক তছরুপ মামলায় তিনি এই জামিন লাভ করেন। একই মামলায় বর্তমানে জেলবন্দি রয়েছেন তাঁর বাবা অনুব্রত মণ্ডল। যদিও কেষ্ট সিবিআইয়ের একটি মামলায় আগে থেকেই জামিন পেয়েছেন। ২০২৩ সালের এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সুকন্যা মণ্ডল। দিল্লিতে দীর্ঘ জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। এরও সাড়ে আট মাস আগে একই মামলায় অনুব্রত মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতারের পর সুকন্যা বেশ কয়েকবার জামিনের আবেদন করেছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছিল। অবশেষে ১৫ মাস পর দিল্লি হাই কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। সূত্রের খবর অনুযায়ী, বুধবার তিনি তিহার জেল থেকে মুক্তি পেতে পারেন। সুকন্যা বর্তমানে তাঁর বাবার মতো তিহার জেলেই বন্দি রয়েছেন। ২০২২ সালের অগস্ট মাসে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর সুকন্যাকেও দিল্লিতে ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে। তদন্তকারীদের মতে, অনুব্রত-কন্যার কাছে বিপুল সম্পত্তির বিষয়ে তথ্য আছে। সুকন্যা জানিয়েছিলেন, সম্পত্তি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর তাঁর বাবা এবং তাঁদের হিসাবরক্ষক মণীশ কোঠারি দিতে পারবেন। সেই সময় তাঁদের দু'জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল।

