Saturday, 20 Jun 2026

সিআইএসএফ জওয়ানের মারে মৃত্যু যুবকের, অভিযোগে চাঞ্চল্য

IMG

কুলটির সেইল গ্রোথ ওয়ার্কস কারখানায় চুরি করতে গিয়ে সিআইএসএফ-এর হাতে ধরা পড়ে এক যুবক বেধড়ক মার খেয়ে মারা গেছে। আহত হয়েছে আরও এক যুবক। জানা গেছে, কুলটির এলসি মোড়ের ১২ নম্বর লোকো লাইন গেটের সামনে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মৃত যুবকের নাম বিকি রুইদাস এবং আহত যুবকের নাম লডন। দুজনেই কুলটি থানার এলাকার বাসিন্দা। মৃত ও আহতদের পরিবারের দাবি, তারা চুরি করতে যায়নি। আহত যুবক বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার প্রতিবাদে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন পরিবারের সদস্য এবং স্থানীয়রা। ঘটনাস্থলে উপস্থিত হয় কুলটি থানার পুলিশ। কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার এই ঘটনার প্রতিবাদে অবস্থান নেন। অপরদিকে, তৃণমূলের নেত্রী এবং কুলটি ব্লকের মহিলা সভানেত্রী ইন্দ্রানী মিশ্রসহ অন্যান্য কাউন্সিলররা সিআইএসএফ-এর শাস্তির দাবি করেন এবং মৃতের পরিবারকে চাকরি দেওয়ার দাবিও তোলেন।

Share: