Saturday, 20 Jun 2026

কুলটির উন্নয়নের খতিয়ান তুলে জয়ের দাবি অজয় পোদ্দারের, তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ

IMG

Ajay Poddar claims victory citing Kulti’s development record, launches sharp attack on Trinamool

কুলটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড. অজয় পোদ্দার বরাকরের একটি বেসরকারি হলে সাংবাদিক বৈঠক করে গত পাঁচ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি জানান, সেল, ইসিএল এবং বিসিসিএলের CSR তহবিলের সাহায্যে কুলটি এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনকে তিনটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এবং আরও দুটি অ্যাম্বুলেন্স দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কুলটি, বরাকর ও সীতারামপুর স্টেশনে মোট পাঁচটি ট্রেনের নতুন স্টপেজ চালু হয়েছে এবং স্টেশনগুলির সৌন্দর্যায়নও করা হয়েছে। সীতারামপুর স্টেশন বর্তমানে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় আধুনিকীকরণ করা হচ্ছে।

এছাড়াও তিনি জানান, কুলটির বিভিন্ন স্কুলে ২৫টি কম্পিউটার বিতরণ করা হয়েছে এবং প্রায় ৯০০টি সোলার লাইট বসানো হয়েছে। এলাকায় একাধিক হাইমাস্ট লাইট স্থাপন এবং বিধায়ক তহবিল থেকে বিভিন্ন রাস্তাঘাট নির্মাণের কাজও করা হয়েছে।

এই সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে তিনি অভিযোগ করেন, দুর্নীতির জেরে প্রায় ২৫ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন এবং ৬ হাজারেরও বেশি শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। ফলে যুবসমাজ কাজের সন্ধানে অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। তিনি আরও বলেন, আসানসোল পুরনিগমের উপ-মেয়র থাকা সত্ত্বেও কুলটির উন্নয়নে কোনও কাজ করা হয়নি, অথচ এখন তিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। এই বিষয়ে জনগণই উপযুক্ত জবাব দেবে বলে মন্তব্য করেন অজয় পোদ্দার। পাশাপাশি তিনি দাবি করেন, নির্বাচন কমিশন ভোটারদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। তাই এবারের নির্বাচন সুষ্ঠু হলে কুলটি সহ গোটা বাংলায় বিজেপির জয় নিশ্চিত। তার অভিযোগ, গত ১৫ বছর ধরে তৃণমূল সরকার পুলিশ ও অসামাজিক শক্তির সাহায্যে ভোটে প্রভাব ফেলেছে, তবে এবার পরিস্থিতি বদলাবে।সাংবাদিক বৈঠকে দলের একাধিক নেতা ও কর্মীরাও উপস্থিত ছিলেন।


Share: