দুর্গাপুরের বিধান নগরের গ্রুপ হাউসিং পুজো কমিটি রাজ্য সরকারের পুজো অনুদান নিতে অস্বীকার করে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে। এই পুজোয় ৪৬ টি সমবায়ের মিলিত অংশগ্রহণ থাকলেও অধিকাংশ সমবায় এবার সরকারি অনুদান নিতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে। পরপর তিনবার বৈঠক করেও সিদ্ধান্তে কোনো পরিবর্তন না হওয়ায়, শেষ পর্যন্ত তা লিখিতভাবে প্রশাসনকে জানানো হয়। উদ্যোক্তারা স্পষ্ট করে জানিয়েছেন, এবার পুজোয় কোনো আড়ম্বর হবে না, কোন জলসা হবে না। তাদের একমাত্র দাবি, আরজি করের ঘটনার বিচার।
গত বছর এই পুজো কমিটি সরকারি অনুদান গ্রহণ করেছিল। তবে আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে, এবার তারা সেই অনুদান নিতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে, প্রশাসন দুর্গাপুরে মোট ১৭৫ টি পুজো কমিটিকে পুজো অনুদান দিচ্ছে। রবিবার সৃজনীতে আয়োজিত এক অনুষ্ঠানে নয়টি পুজো কমিটির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। বাকিদের স্থানীয় থানার মাধ্যমে চেক প্রদান করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

