দুর্গাপুর শহর পরিষ্কার রাখতে আধুনিক প্রযুক্তির নতুন মেশিন, পরীক্ষামূলক চালনা শুর হল।শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়াতে নতুন প্রযুক্তির ‘গারবেজ ও লিফ সাকশন’ মেশিন আনা হয়েছে দুর্গাপুরে। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে এই আধুনিক মেশিন চালিয়ে দেখল দুর্গাপুর পুর নিগম। শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে প্রথমবারের জন্য এই মেশিন ব্যবহার করা হয়।
মূলত ঝরা পাতা পরিষ্কারের জন্য আনা হলেও, এই মেশিন ডাস্টবিনের আবর্জনাও অনায়াসে পরিষ্কার করতে সক্ষম। পাশাপাশি, রাস্তার প্লাস্টিক বর্জ্য, যা শহরের নিকাশিনালা বন্ধ করে দেয়, তাও সহজেই সরিয়ে ফেলা যাবে এই মেশিনের মাধ্যমে।
শীতের শেষে ঝরা পাতার মরশুম শুরু হয়েছে, আর অনেক সময় শুকনো পাতা আগুন লাগিয়ে ফেলার প্রবণতা দেখা যায়, যা অগ্নিকাণ্ড ও দূষণের কারণ হতে পারে। এবার এই মেশিনের মাধ্যমে ঝরা পাতা সরিয়ে নেওয়া সম্ভব হবে, ফলে এই সমস্যার সমাধান হবে।
দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তেওয়ারি জানান, পরীক্ষামূলকভাবে সফল হলে শহরের পাঁচটি বরোতেই এই মেশিন ব্যবহার করা হবে। পাঁচ বছরের রক্ষণাবেক্ষণ সহ এই মেশিনের দাম পড়ছে ৭৪ লক্ষ টাকা।
একবারে ১.৪২ কিউবিক মিটার আবর্জনা তুলতে সক্ষম এই আধুনিক মেশিন শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার নতুন দিগন্ত খুলে দিতে পারে।

