ডিওয়াইএফআই মিছিলে হামলা, সিপিএম কার্যালয়ে বোমাবাজি - দুর্গাপুরে উত্তেজনা। গ্রেফতার ৯।পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে আর জি কর কাণ্ডের প্রতিবাদে ডিওয়াইএফআই একটি মিছিল বের করে। মিছিলটি দুর্গাপুর নগর নিগমের পাশ দিয়ে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ ওঠে। এরপর হাতাহাতি, ইট বৃষ্টি, এবং বোমাবাজি শুরু হয়। সিপিএমের দলীয় কার্যালয় বিমল দাশগুপ্ত ভবনে ভাঙচুর চালানো হয় এবং একের পর এক বোমা ফাটানো হয়। এই ঘটনায় অনেকেই আহত হন।
তদন্তে নেমে পুলিশ বুধবার রাতে ৯ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। ধৃতদের মধ্যে অধিকাংশই তৃণমূল কর্মী। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয়, তবে আদালতে তোলার সময় কেউ কেউ দাবি করেন যে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং পুলিশ জোর করে তাদের ধরে নিয়ে এসেছে।

